সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁ পৌরসভায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার নোয়াইল, বালুয়া দিঘিরপাড়, হামছাদীসহ ৫টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। এ বিষয়ে তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এভাবে প্রতি বছর সরকারের ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন,প্রকৌশলী তানভীর হাসান ও তিতাস গ্যাসের কর্মকর্তাসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।