Logo
HEL [tta_listen_btn]

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৪

পুলিশ পরিচয়ে ছিনতাইকালে গ্রেফতার ৪

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে পুলিশের এসআইসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ মার্চ) বিকেলে এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সজীব (২৫) বাদি হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর বাগমারা থানার ময়েজ উদ্দিনের ছেলে ও ডেমরা থানার এসআই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া (২০) ও বিজয় (২৬)। এর আগে বৃহস্পতিবার রাতে আড়াইহাজারের প্রভাকরদি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সরকারি পিস্তল, হ্যান্ডকাফসহ ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে সজীব ও তার বন্ধু রাসেল মিয়া (২৬) রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজি যোগে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদী আসছিলেন। পথে সজীব তার মামা সবুজের সঙ্গে দেখা করার জন্য আড়াইহাজারের প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারি দোকানের সামনে কাশবনের মাঠে নামেন। আর সেখানে যাওয়া মাত্রইপুলিশের এসআই মোজাম্মেলসহ ৫ জন তাদের ঘিরে ফেলেন। এসময় মোজাম্মেল তার কাছে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া লাগিয়ে দেন। একপর্যায়ে আসামী মোজাম্মেলের সঙ্গে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা নিজেদের পুলিশের কন্সটেবল বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। মামলার বাদি সজীবরে কাছে থাকা নগদ ৮২ হাজার ৫শ’ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামীরা তাদের হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হিচড়ে সামনের রাস্তায় নিয়ে আসেন। ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এসময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার শুরু করলে কিছু দূরে টহলরত আড়াইহাজার থানার এএসআই নুরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এগিয়ে আসেন। সেখানে আসামী মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নূরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে আসামী নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নূরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামীদের গ্রেফতার করে। এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, মোজাম্মেল হোসেন নামের একজন এসআই রয়েছে ডেমরা থানায়। তবে গ্রেফতারকৃত অন্য ৩আসামী তার থানার কনস্টেবল নয়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম বলেন, গ্রেফতারদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com