ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. সুমন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৬টার দিকে কাশিপুর চর নরসিংহপুরে তারা স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন সিলেটের সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়া গ্রামের রজব আলীর ছেলে। বর্তমানে ফতুল্লার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, তার স্বামী ফতুল্লা নরসিংহপুরে একটি স্পিনিং মিলে মেকানিক্যাল পদে কর্মরত ছিলেন। সকালে বাসা থেকে হেঁটে ওই মিলে যাওয়ার সময় পথে তার গতিরোধ করে ৫ থেকে ৬ জন ছিনতাইকারী। এসময় তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এসময় ছিনতাইকারীরা তার বুকেসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রæত ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মোস্তফা ইমন জানান, সুমনের বুকে ছরিকাঘাতের মারাত্মক ক্ষত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না এবং এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।