নিজস্ব সংবাদদাতা
শহরের ৫নং মাছ ঘাটের ইজারাদারের ক্যাশিয়ারকে কুপিয়ে প্রায় আড়াই লাখ টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার শরীরে ৩৬টি সেলাই দেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে। এ ঘটনায় টহলরত পুলিশ হামলাকারী একজনকে গ্রেফতার করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মাছঘাটের ইজারাকে কেন্দ্র করে বর্তমান ও পূর্বের ইজারাদারদের মধ্যে দ্ব›দ্ব রয়েছে। যেহেতু রশিদ বর্তমান ইজারাদারের খাজনা আদায় করে সে কারণে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। একমাত্র উপার্জনক্ষম রশিদের উপর এই হামলার কারণে তার পরিবারের সবাই হতবাক ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।এ ঘটনায় মাছ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা পুলিশ সুপারসহ সকল আইনশৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন এবং প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।