Logo
HEL [tta_listen_btn]

জনু মিয়া বাঁচতে চান

জনু মিয়া বাঁচতে চান

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে আপন ভাইদের অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচতে সপরিবারে সংবাদ সম্মেলন করেছেন মো. জনু মিয়া নামে এক ভুক্তভোগী ও তার পরিবার। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে এসে তারা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মো. জনু মিয়া ও তার স্ত্রী মিনারা বেগম জানান, জনু মিয়া দীর্ঘ ২৩ বছর সৌদি প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার অপরাপর ভাই আরফান, ইসলাম, রফিজউদ্দিন, শফিজউদ্দিন ও হাবিবুর রহমান অপর একটি পক্ষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে একজনকে খুন করে এবং সেই খুনের মামলা আপোষ করতে গিয়ে জনু মিয়ার ১০ শতাংশ জমি বাদি পক্ষকে দিয়ে দেয় যদিও তিনি ওই মামলার আসামী ছিলেন না। কিন্তু যে সম্পত্তি নিয়ে সংঘর্ষ হয়েছিল সেই সম্পত্তি পাওয়ার পর এর ভাগ তাকে দিচ্ছেন না। এর পর তিনি দেশে আসার পর তার মায়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় বন্ধক রাখা ৫৭ শতাংশ নাল জমিও তার ভাইয়েরা বলপূর্বক জবরদখল করে নেয়। তা ছাড়া জনু মিয়ার মালিকানাধীন ৪ শতাংশ সম্পত্তির উপর নির্মিত একটি মার্কেট বলপূর্বক জবরদখল করার চেষ্টা করছে তার ভাইয়েরা। সর্বশেষ, ৯ মার্চ দুপুরে ৬ ভাইয়ের সম্মিলিত খরচে চাষকৃত পুকুরের মাছ ধরে নিয়ে বাকী ৫ ভাইয়ের পরিবারের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়া হয়। মাছের ভাগ থেকে জনু মিয়াকে বঞ্চিত করা হয়েছে। তার ভাইয়েরা কথায় কথায় জনু মিয়া ও তার স্ত্রীকে প্রাণ নাশের হুমকি দিয়ে মারপিট করতে উদ্যত হয় এবং বেশ কয়েকবার মারপিট ও করেছে। এ সমস্ত অপরাধ মূলক কর্মকান্ডে অতিষ্ট হয়ে জনু মিয়া আড়াইহাজার পৌরসভার মেয়র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার ভাইয়েরা পেশী শক্তির বলে দম্ভের সাথে পৌরসভা অফিসের দেয়া পর পর ৩টি নোটিশ প্রত্যাখ্যান করে। পরে তিনি সোমবার সকলে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জনু মিয়ার স্ত্রী মিনারা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আমার ২ ছেলেকে টাকা পয়সা খরচ করে সৌদি আরবে পাঠান। কিন্তু আমার দেবরেরা আমার ছেলেদেরকে ভুল বুঝিয়ে আমার পরিবারের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন রেখেছে এবং আমার ছেলেদের বিদেশের রোজগারকৃত সকল টাকা পয়সা ফুসলিয়ে আত্মসাৎ করছে। জনু মিয়া ভাইদের দ্বারা প্রাণ নাশের হুমকীতে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই নূর এ আলম সিদ্দকী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com