নিজস্ব সংবাদদাতা
মাহে রমজানে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। দুপুরে চাষাঢ়া মোড় থেকে যানজট নিরসন কার্যক্রমের সূচনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। শহরের ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশের কমিউনিটি পুলিশের ১শ’ সদস্য মোতায়ন করা হয়েছে। পোস্টগুলো হলো, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়, মহিলা সরকারি উচ্চ বিদ্যালয়, খানপুর মোড়, মিশনপাড়া, মন্ডলপাড়া ব্রিজ, রাসেল পার্ক, ডায়মন্ড হল ও ১নং রেল গেটের সামনে। যানজট ও হকারমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। সোমবার (২০ মার্চ) শহরের চাষাঢ়া এলাকায় রমজানে যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসপি বলেন, রমজানে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান অর্থায়ন করেছেন। আজ থেকে সেই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, পুলিশের একার পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। চাষাঢ়ায় কোনো স্ট্যান্ড থাকার কথা না, স্ট্যান্ড নেইও। তবে অনেক সময় যাত্রী ওঠানামা করায় বাস ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে। পুলিশ গেলেই যাচ্ছি যাচ্ছি বলে বাসের চালকরা। ততক্ষণে দেখা যায় আরও কয়েকটি বাস এসে দাঁড়িয়ে গেছে। তিনি বলেন, আমাদের কমিউনিটি পুলিশদের সম্মানি দিতে হয়। সে পরিমাণ ফান্ডও আমাদের নেই। পুলিশের সংখ্যাও পর্যাপ্ত নয়। তবুও জণগনের সুবিধায় আমরা এই উদ্যোগ পরিচালনা করছি। আশা করি, এটি ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবো। এছাড়াও এসপি বলেন, রমজানে দ্রব্যমূল্য সবার সাধ্যের মধ্যে রাখতে বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা মিটিং করেছি। ব্যবসায়ীদের আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। হুট করে যদি কেউ দ্রব্যমূল্য বাড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেব। এসময় জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।