আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে মেঘনা বেষ্টিত দুর্গম কালাপাহাড়িয়ায় বেড়াতে এসে দু’পরিবারের সংঘর্ষের মাঝখানে পড়ে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মেহমান রিয়াজ (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মার্চ) বিকেলে। গুরুতর আহতাবস্থায় রিয়াজ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার বিবরণে জানা যায়, কদমীরচর গ্রামের ইসলামের পুত্র পার্শ্ববর্তী কালাপাহাড়িয়া গ্রামের শহিদের বাড়িতে অন্য মেহমানদের সাথে বিবাহ উত্তর দাওয়াত খেতে যান। এসময় গৃহকর্তা শহিদ এবং তার প্রতিবেশী আনারের মধ্যে জমি জমা সংক্রান্তে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষের সংঘর্ষের সময় আনারের লোকজন শহিদের লোকজনের উপর টেঁটা নিক্ষেপ করলে মেহমান রিয়াজ টেঁটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে টেঁটা খুলে এনে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আড়াইহাজার থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।