ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় যাত্রীবেশে চালক দুলাল (১৯) কে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ৭ মাস পর পিবিআইয়ের অভিযানে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ছিনতাই হওয়া অটো ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে দোষ স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্য বিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। বুধবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আসামীরা হলো, সাগর ওরফে কুত্তা সাগর (২৩), জয়চাঁন ওরফে বিশাল (২৪), মো. শরীফ (২৩) ও রনি (২২)। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, ২০২২ সালের ১২ আগস্ট দিবাগত রাত পৌনে ৩টায় ফতুল্লার পূর্ব ইসদাইর আর্মি মার্কেটের পূর্ব পাশে জনৈক আব্দুল হাকিমের বাড়ির গেটের সামনে রাস্তার উপর অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা অটোচালক দুলালকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে নিয়ে চলে যায়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি ৪ মাস ফতুল্লা থানায় তদন্তাধীন থাকার পর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় পুলিশ হেড কোয়ার্টার্স এর মাধ্যমে নারায়ণগঞ্জ পিবিআইকে ২০২২ সালের ১২ ডিসেম্বর তদন্তের দায়িত্ব দেয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত¡াবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলায় জড়িত আসামীদের শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীতে আসামীরা উল্লেখ করে যে, ধারালো সুইচ গিয়ার/চাকু দিয়ে ভিকটিম দুলালের গলায়, মাথায় ও হাতে উপর্যপুরি আঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে চলে যায়। পরবর্তীতে আসামীরা অটোটি ৩০ হাজার টাকা বিক্রি করে ভাগ-ভাটোয়ারা করে নেয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।