ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় ডাকাতির প্রস্ততিকালে পঞ্চবটি মেথরখোলা থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার মুসলিম নগর বারেকের বাড়ির ভাড়াটিয়া আব্দুল বাতেনের পুত্র মঞ্জু (২২), মাসদাইর গানতলীর রমজানের বাড়ির ভাড়াটিয়া আলী আহম্মেদের পুত্র শাওন (২৫), দেওভোগ সামছুলের বাড়ির ভাড়াটিয়া মনির ওরফে মনা মিয়ার পুত্র মিঠু দেওয়ান (২৩) ও আলীগঞ্জের আক্তার হোসেনের ভাড়াটিয়া মোতাহার হোসেনেরে পুত্র শান্ত হোসেন (২৩)। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটি মেথরখোলা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কের উপর থেকে দেশীয় তৈরি দু’টি ধারালো ছুরিসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতারকৃত আসামীরা ফতুল্লা মডেল থানার পঞ্চবটি মেথরখোলা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পঞ্চবটি-মুন্সিগঞ্জ সড়কের উপর দাঁড়িয়ে রাস্তায় চলাচলকারী সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির জন্য অপেক্ষা করছিলো। স্থানীয়রা বিষয়টি টের পেয় তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শুক্রবার (২৪ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।