ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার কাশিপুরে মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) কে ধর্ষণের অভিযোগে শাহিন নওয়াব (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন নওয়াব ফতুল্লা মডেল থানার কাশীপুর ফরাজিকান্দার মাহাবুবের বাড়ির ভাড়াটিয়া ও মৃত মহিউদ্দিনের পুত্র। মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে তাকে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরআগে সোমবার (২৭ মার্চ) রাতে নির্যাতিতাশিশুটির বাবা ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত শাহিন নওয়াবকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত শাহিন নওয়াব ও বাদি সপরিবারে একই বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। বাদি একজন স্যানেটারী মিস্ত্রী। একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে গ্রেফতারকৃত শাহিন নওয়াবকে বাদির মেয়ে আংকেল বলে ডাকতো। বিগত ১৫-২০ দিন ধরে শাহিন নওয়াব বাদির মেয়েকে নিজ ঘরে ডেকে নিয়ে যেতো। বিষয়টি দৃষ্টিকটূ হওয়ায় বাদি তার মেয়েকে যাবার জন্য নিষেধসহ শাহিনকে আর না ডাকার কথা বলে দেয়। সোমবার দুপুরে বাদির মেয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরে আসে। এসময় বাদির স্ত্রী ঘরের কাজ করছিলো। অপরদিকে শাহিনের বাসায় কেউ না থাকার সুযোগে দুপুর দেড়টার দিকে বাদির মেয়েকে ডেকে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বাদি বাসায় ফিরে এলে মেয়েকে কান্না করতে দেখে কারণ জিজ্ঞেস করলে তার নিকট সকল কিছু খুলে বলে এবং তাকে জানানো হয় ইতোপূর্বেও একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেছে শাহিন নওয়াব। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানায়, অভিযুক্ত ধর্ষককে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কাশীপুর ফরাজিকান্দা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।