নেত্রকোনা জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই ফাহাদ, এসআই আশরাফ ও চৌকস পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি টিম হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল শাহজালাল বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে কামরুল হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মনকাশাইয়ের অফিজ উদ্দিনের ছেলে। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্যাকেটে মোড়ানো মোট ১২ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মাণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্ট অবলম্বনে নেত্রকোনা জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ মহোদয়ের দিক নির্দেশনায় জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার (১০ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক মুক্ত সমাজ বিনির্মানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক নির্মূল করণে মডেল থানা পুলিশ সদা তৎপর রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।