নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১শ’ ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো, কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)। সোমবার (৩১ জুলাই) উপজেলার দেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে দু’টি পিকআপ থেকে ১শ’ ৬৫ বস্তা (৮২৫০ কেজি) চিনি উদ্ধার করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা রোড দিয়ে দু’টি চিনিবাহী গাড়ি নেত্রকোনায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমনের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তখন অভিযান চালিয়ে ২ জন চোরাকারবারিসহ ২টি পিকআপে বহনকারী ১৬৫ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা।
তিনি আরও বলেন, ২ আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।