যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় আবুল খায়ের (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর চন্দনকোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। আবুল খায়ের যশোরের কোতোয়ালির নীলগঞ্জ সাহাপাড়া গ্রামের কাঞ্চন মোল্লার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে শ্যামপুর পোস্তগোলা কুলিবাগান এলাকায় ভাড়া থাকতেন।
নিহত আবুল খায়েরের ভাই মফিজুর রহমান জানান, তার ভাই ভ্যানে করে বিভিন্ন মালামাল আনা-নেয়ার কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে পোস্তগোলা থেকে লোহার প্লেট নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যাচ্ছিলেন। পথে চন্দনকোঠা শেখপাড়া ফ্লাইওভারের নিচে এলে নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।