যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নাজমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মৃত ইউনুস মিয়ার স্ত্রী।
নিহত নাজমার ছেলে আব্দুল মমিন জানায়, ৭ থেকে ৮ বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত তার মা। নিয়মিত ঢাকায় এসে চিকিৎসা নিতেন। ৪ মাস আগে সবশেষ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে তাকে সঙ্গে নিয়ে লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শনিবার (৫ আগস্ট) ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমে সেখান থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় করে শনির আখড়ায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়লে পেছন থেকে একটি সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাকায় পিষ্ট হন তার মা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, ভাঙ্গা প্রেস এলাকায় একটি ময়লার গাড়ির চাপায় ওই নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।