বৃষ্টির পানি নিষ্কাশন ও জমাটকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর জখমের শিকার দু’পক্ষের ৮ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এসময় বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পশ্চিম ইউনিয়নে খৈয়াখালী গ্রামে একই পরিবারের বাড়ির উঠানে ও সড়কে পানি জমাটকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো, খৈয়াখালী গ্রামের সোনা মিয়ার ছেলে আমির হোসেনের ও তার প্রবাসী ২ ছেলে সাদ্দাম হোসেন এবং রাব্বুল হাসান, অপরদিকে একই পরিবারের সাজু মিয়ার ছেলে নাসির মিয়া, জাবেদ মিয়া, খায়ের মিয়া, হাসান মিয়া ও আনিস মিয়ার ছেলে আরিফ মিয়া।
স্থানীয়সূত্রে জানা যায়, খৈয়াখালী সোনা মিয়ার ছেলে আমির হোসেন ও তার ভাই সাজু মিয়ার পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বসতবাড়ি থেকে সড়কে ওঠার রাস্তায় বৃষ্টির পানি জমাটকে কেন্দ্র করে পার্শ্ববর্তী মোসলেম মিয়ার দোকানে আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন ও সাজু মিয়ার ছেলে হাসানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি জানতে পেরে রাত ৮টার দিকে সাজু মিয়ার পরিবারের অন্য সদস্যরা আমির হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে আমির হোসেন গুরুতর জখমের শিকার হলে তার প্রবাসী দুই ছেলে প্রতিবাদ করতে আসলে দু’পক্ষের মারামারির ঘটনায় ৮ জন আহত হয়।
সাদ্দাম হোসেন জানায়, প্রবাসে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়টি তার বাবার বড় ভাই সাজু মিয়ার পরিবারের সদস্যরা ভালো চোখে দেখেনা। সে কারণেই তারা পূর্বপরিকল্পিতভাবে সামান্য বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। বসত বাড়ির ঘরগুলোকে এমন ভাবে কুপিয়েছে ঘরে থাকার উপযোগী নয়।
অপরদিকে আহত নাসির মিয়া জানায়, বসতবাড়ি থেকে সড়কে উঠতে যে রাস্তাটি ব্যবহার করতে হয় সেই রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও সেখানে মাটি ফেলে উঁচু করার জন্য আমির হোসেনের পরিবারের কাছে টাকা চাওয়া আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, ৯৯৯ এ ফোন পেয়ে মারামারির বিষয়টি অবহিত হয়েছি। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার (১৬ আগস্ট) একটি পক্ষ লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।