নিজস্ব সংবাদদাতা
নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার বিচার ও দায়ীদের শাস্তি, আহত-নিহতদের ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব। বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা সদস্যসচিব এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ ও রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন।
বক্তারা বলেন, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও ২৩ দফা দাবিতে এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা চার দিন ধরে আন্দোলন করছিল। পরে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার শ্রমিকরা কাজে ফিরতে চাইলে ইপিজেডের মূল ফটকে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকরা নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে উত্তরা ইপিজেডের ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং ও কম্পোজিট) কোম্পানির শ্রমিক হাবিব নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।
তারা আরও বলেন, ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে শেখ হাসিনা ফ্যাসিস্টের পতন হয়, অন্তবর্তী সরকার ক্ষমতাসীন হয়। ফ্যাসিস্ট হাসিনা শ্রমিক আন্দোলন দমনে গুলি, গ্রেফতার, নির্যাতন চালাত। একই প্রক্রিয়া অন্তবর্তী সরকারকে করতে দেখছি। নির্যাতন চালিয়ে কখনও শ্রমিক আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার বিচার ও জড়িতদের শাস্তি দিতে হবে। আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।