রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৬৩ হাজার ৭শ’ ৬৫টি ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা কক্সবাজার থেকে ২টি প্রাইভেটকারে এসব ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিলো। গ্রেফতারকৃতরা হলো, মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) এবং মো. রানা (২৫)। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানান র্যাব-১ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।
তিনি বলেন, কক্সবাজার থেকে ২টি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে যাওয়ার তথ্য পেয়ে র্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন ব্রিজ এলাকায় তিন কন্যা হোটেলের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেফতার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে টি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার এবং অন্যটি থেকে ২৩ হাজার ৭শ’ ৬৫ পিস ও ১১০ গ্রাম ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৪টি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬শ’ ৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।